কলকাতা, ০৭ মার্চ ২০২৬: এসআইআর ইস্যুতে আন্দোলন, ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্যে নির্বাচন কমিশনের আসার কথা, তার আগেই কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যের তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত প্রথম থেকেই ছিল। এই সংঘাত আরও তীব্র হয় ভোটার তালিকা প্রকাশের পর। রাজ্যে বিচারাধীন রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটার। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ১ মার্চ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচির কথা। জানিয়েছিলেন, এসআইআর অসঙ্গতি, চক্রান্তের প্রতিবাদে ৬ মার্চ দুপুর ২টো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা এবং সেইদিন তিনিই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আর এদিন নির্দিষ্ট সময়েই ধর্মতলায় ধর্না মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা।
এদিন ধর্না মঞ্চে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধোনা করেন তিনি। মমতা বলেন, 'লজ্জা রাখার আর জায়গা নেই। ভোটার তালিকায় যাঁরা মৃত, এখানে বসে রয়েছে। এরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন তাঁরা ভালোভাবে বেঁচে আছেন। তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করেছে আমি তাঁদের মঞ্চে হাজির করব। এসআইআর-এর জন্য এমন আট পরিবার যাঁরা দিল্লীতে গিয়েছিল এখানে তারাও বসবে।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাদের মৃত বলা হয়েছে এখানে তাঁরা বসে আছে। বেহায়া পার্টি বিজেপি।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও ধর্না মঞ্চে উপস্থিত হন। সদ্য দল বদল করে তৃণমূলে আসা প্রতীক উর রহমানকেও দেখা যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে। শুক্রবার ধর্না শুরুর সময় মেট্রো চ্যানেলে জয়ায়েত ছিল ঠাসা। মহিলা ও যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, এর আগে দু'বার ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় এই ধর্মতলার মেট্রো চ্যানেলে ২৬ দিন অনশন করেছিলেন মমতা। সেই সময় ছিলেন বিরোধী নেত্রী। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে তিনি ধর্নায় বসেন। আর এবারে এসআইআর আন্দোলনে সেই ধর্মতলাতেই ধর্নায় বসলেন মমতা। এর আগেও একদিনে ধর্না শেষ হয়নি, এবারেও এর অন্যথা হচ্ছে না। শুক্রবারেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, শনিবার সকাল ১০টা থেকে ফের কর্মসূচি শুরু হবে। আগের দু'বার মঞ্চে পর্দা টাঙিয়ে মমতা রাত্রি যাপন করেছিলেন মেট্রো চ্যানেলে, এবারেও সেটাই হল।
রবিবার রাতেই রাজ্যে আসছে নির্বাসন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে রাজ্যে। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গেও কথা বলবে কমিশন আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

No comments:
Post a Comment