শিলিগুড়িতে প্রার্থী গৌতম, ডাবগ্ৰাম-ফুলবাড়িতেও চমক তৃণমূলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

শিলিগুড়িতে প্রার্থী গৌতম, ডাবগ্ৰাম-ফুলবাড়িতেও চমক তৃণমূলের


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী কে হবেন? এই নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক দল। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হয়েছে এখানকার বর্তমান মেয়র গৌতম দেবকে। কলকাতায় সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। আর সেই তালিকায় শিলিগুড়ির জন্য বেছে নেওয়া হয়েছে গৌতম দেবকে। এই আসনেই বিজেপি প্রার্থী করা হয়েছে শঙ্কর ঘোষকে। আবার এই আসনে বাম প্রার্থী করা হয়েছে পাঁচ বারের সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। 


এই ঘোষণার পরই শিলিগুড়িতে তৃণমূল শিবিরে উৎসাহের আবহ তৈরি হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে উদ্দীপনা, বিভিন্ন জায়গায় আনন্দের ছবি।


প্রার্থী পদ ঘোষণার পরই এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গৌতম দেব। তিনি জানান, দলের নেতৃত্ব তাঁর ওপর যে ভরসা রেখেছে, তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। তিনি আশাবাদী, শিলিগুড়ির মানুষ উন্নয়নের পক্ষে মত দেবেন এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতেও নেমে পড়েছেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সংগঠন মজবুত করার কাজ। 


রাজনৈতিক মহলের মতে, শিলিগুড়ি আসনে এবার ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে। একদিকে বিজেপির শঙ্কর ঘোষ অন্যদিকে বামেদের শরদিন্দু চক্রবর্তী এই আসনের প্রার্থী। সেখানে গৌতম দেবকে প্রার্থী করা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেই দেখা হচ্ছে। 


তবে, এবারের তালিকায় সবথেকে বড় চমক ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। এই হাই-ভোল্টেজ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করা হয়েছে রঞ্জনশীল শর্মাকে।  বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় রঞ্জনশীল শর্মার নাম ঘোষণা হওয়ায় ডাবগ্রাম-ফুলবাড়ির লড়াই এখন রীতিমতো টক্কর দেবে গোটা জেলাকে। দীর্ঘদিনের রাজনীতির ময়দানে থাকা রঞ্জনকে এই কঠিন লড়াইয়ে নামিয়ে শাসক দল  মাস্টারস্ট্রোক দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

No comments:

Post a Comment

Post Top Ad