প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০২ মার্চ ২০২৬, ১৬:৪৩:০১ : ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে তারা তেল আবিবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র কার্যালয় এবং ইজরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের আরও দাবী, এই হামলার পর নেতানিয়াহুর বর্তমান অবস্থার বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
IRGC জানিয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা ইজরায়েলের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হেনেছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর থেকেই ইরানের পক্ষ থেকে হামলার তীব্রতা বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ অভিযানের পর তেহরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলি উপসাগরীয় অঞ্চলে ইজরায়েলি শহর ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইজরায়েল। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে কোনও ধরনের হামলা হয়নি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলতেই থাকবে যতক্ষণ না সব লক্ষ্য পূরণ হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আত্মসমর্পণ করলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে, না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

No comments:
Post a Comment