প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ মার্চ : গত কয়েক মাস ধরে শুটিং সেটে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পরশুরাম ধারাবাহিকের ছোট্ট লাট্টুর। সেই কারনে ধারাবাহিক ছেড়ে বেরিয়েও যায় অভিনব। খুদে শিশুশিল্পীর সাথে হওয়া অন্যায়ের অভিযোগ ওঠে ধারাবাহিকের নায়িকা তৃণা সাহার উপর।
‘পরশুরাম’ ধারাবাহিক থেকে লাট্টু চরিত্রটি থেকে সরে গিয়েছে খুদে শিল্পী অভিনব বিশ্বাস। ইতিমধ্যেই অভিনবর পরিবর্তে ‘লাট্টু’র চরিত্রে দেখা যেতে চলেছে শিশু অভিনেতা সার্থক মল্লিককে। কিন্তু অভিনব কেন ছাড়ল এই ধারাবাহিক? প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা? নাকি নেপথ্যে অন্য কারণ?
এদিন সমাজমাধ্যমে অভিনব বিশ্বাসের মা নবমিতা একটি পোস্ট করেন। সেখানেই তিনি কারও নাম না করে লেখেন, ‘আজ বিভিন্ন জায়গায় লেখা দেখলাম যে, প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা হয়েছে আমাদের। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই সবার জানা। তারই মধ্যে Blues Productions এর মতো একটি অত্যন্ত ভালো প্রযোজনা সংস্থার সম্পর্কে এমন গুজব ছড়াবেন না দয়া করে। বাধ্য হয়েই আজ পরিষ্কার করে লিখছি যে প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের সম্পর্ক এখনও খুবই ভালো এবং এই এগারো মাসে কখনও কোনো ঝামেলাই হয়নি।
বরং আমাদের অভিযোগের তীর যার দিকে, তার ঝামেলা করার বিষাক্ত স্বভাব সম্পর্কে ইন্ডাস্ট্রির মানুষ তো বটেই, প্রত্যেকটি ইঁট, কাঠ, পাথর, দেওয়ালও ওয়াকিবহাল। তাকে বারবার বলেও শোধরানো যায়নি। একভাবে বন্ধ হলে আরেকভাবে আমাদের সন্তানকে জ্বালিয়ে গিয়েছেন ওই মহিলা।’

No comments:
Post a Comment