নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, লজেন্স দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ। নির্জন আমবাগানে নিয়ে গিয়ে দশ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ পুলিশের। দুই ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত যুবক। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানা এলাকার।
নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। তার মা জানান, শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ির সামনে খেলাধূলা করতে যায় তাদের দশ বছরের কন্যা। অভিযোগ, ঠিক সেই সময় প্রতিবেশী যুবক সম্রাট কাহার (২১ বছর বয়সী) তাঁর কন্যাকে লজেন্স দেবে বলে সেখান থেকে ভুলিয়ে-ভালিয়ে পাশে একটি নির্জন আমবাগানে নিয়ে যায়। তারপর দীর্ঘক্ষণ মেয়ের খোঁজ না মেলায় চারিদিকে তল্লাশি শুরু করা হয়। কিন্তু খোঁজ পাওয়া যায়নি ছোট্ট মেয়ের। প্রায় দেড় ঘন্টা পর, রাত দশটা নাগাদ ওই যুবক তাঁর মেয়েকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তখনই নাবালিকা কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলে; জানায় প্রতিবেশী ওই যুবকের কুকীর্তির কথা।
১০ বছর বয়সী নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ১৫ই মার্চ অভিযুক্ত সম্রাট কাহারের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যার মা। অভিযোগ পেয়েই সক্রিয় হয় পুলিশ এবং দ্রুত পদক্ষেপ করে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ঘন্টার মধ্যে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত সম্রাট কাহারকে গ্রেফতার করে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। অভিযুক্তর কঠিন শাস্তি দাবী করেছেন নাবালিকার মা।

No comments:
Post a Comment