"বাংলা থেকে মহা জঙ্গলরাজের অবসান হবেই", কলকাতায় প্রধানমন্ত্রীর হুঙ্কার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 14, 2026

"বাংলা থেকে মহা জঙ্গলরাজের অবসান হবেই", কলকাতায় প্রধানমন্ত্রীর হুঙ্কার



কলকাতা, ১৪ মার্চ ২০২৬, ১৫:৪৫:০১ : কলকাতায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় পরিবর্তনের বার্তা এখন দেওয়ালেও লেখা আছে এবং মানুষের মনেও তা স্পষ্ট হয়ে গেছে। তাঁর দাবী , বাংলায় যে “মহা জঙ্গলরাজ” চলছে তার শেষ খুব শিগগিরই হবে এবং এক নির্মম সরকারের পতন অনিবার্য।



সভায় তিনি জানান, সড়ক, রেল এবং বন্দর অবকাঠামোর সঙ্গে যুক্ত ১৮ হাজার কোটিরও বেশি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে। তাঁর মতে, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের উন্নয়নে নতুন গতি এনে দেবে। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটবে, লক্ষ লক্ষ মানুষের জীবন সহজ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।



প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে রেলব্যবস্থাকে আধুনিক করার বড় উদ্যোগ চলছে এবং পশ্চিমবঙ্গকে সেই উন্নয়নের ধারার বাইরে রাখা হবে না। কেন্দ্র সরকার বাংলার রেল অবকাঠামো দ্রুত বাড়ানোর জন্য কাজ করছে বলেও তিনি জানান।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, বাংলায় আবার আইনের শাসন ফিরবে। অন্যায় ও অত্যাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। তাঁর দাবি, বর্তমান সরকারের পতনের গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নতুন বাংলার পরিবর্তনের শঙ্খধ্বনি বেজে উঠেছে।



তিনি আরও অভিযোগ করেন, এই জনসভা ঠেকাতে রাজ্য সরকার নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাঁর কথায়, মানুষ যাতে সভায় আসতে না পারে সে জন্য সেতু বন্ধ করা হয়েছে, গাড়ি আটকানো হয়েছে, যানজট তৈরি করা হয়েছে, দলীয় পতাকা খুলে ফেলা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও জনস্রোত থামানো যায়নি বলেই তিনি দাবি করেন।



প্রধানমন্ত্রী বলেন, "বিরোধী শিবির সভায় আসা মানুষদের চোর বলে অপমান করেছে। তবে বাংলার সচেতন মানুষ জানেন প্রকৃত দোষী কারা।" তাঁর মতে, ক্ষমতা হাতছাড়া হওয়ার আশঙ্কায় বর্তমান সরকার অস্থির হয়ে পড়েছে, কিন্তু পরিবর্তনের এই ঝড় থামানো সম্ভব হবে না।

No comments:

Post a Comment

Post Top Ad