কলকাতা, ০৮ মার্চ ২০২৬, ১৮:২৩:০১ : পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মানের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার দিল্লিতে মেট্রোসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ যখন গোটা দেশ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করছে, ঠিক তার আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। তাঁর অভিযোগ, রাজ্যে সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যথাযথ সম্মান রক্ষা করা হয়নি।
মোদীর দাবী, সংথাল আদিবাসী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সরকার সেই অনুষ্ঠানে অংশ না নিয়ে বয়কট করার সিদ্ধান্ত নেয়। তাঁর কথায়, এতে শুধু রাষ্ট্রপতিরই নয়, আদিবাসী সমাজের অনুভূতিরও অবমাননা হয়েছে। কারণ রাষ্ট্রপতি নিজেও আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন এবং সংথাল সম্প্রদায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল সরকারের অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এতে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ঐতিহ্যেরও অপমান হয়েছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একজন নারী রাষ্ট্রপতির অসম্মান দেশবাসী মেনে নেবে না।
দিল্লির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর উন্নয়নকে আরও গতিশীল করতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এক বছর আগে দিল্লির মানুষ যে আশা ও সংকল্প নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তার ফল এখন দেখা যাচ্ছে। রাজধানীর সর্বত্র উন্নয়নের গতি বেড়েছে বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কয়েক বছর আগে ৩ কোটি মহিলাকে ‘লখপতি দিদি’ করার লক্ষ্য নেওয়া হয়েছিল। তখন অনেকেই এই উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু এখন সেই লক্ষ্য পূরণ হয়েছে এবং ৩ কোটির বেশি মহিলা ইতিমধ্যেই ‘লখপতি দিদি’ হয়েছেন বলে জানান তিনি।
দিল্লির আগের কেজরিওয়াল সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগে কাজের চেয়ে অজুহাতই বেশি ছিল। এখন উন্নয়নই মূল লক্ষ্য। তাঁর দাবি, আগে বহু প্রকল্প ফাইলেই আটকে থাকত, কিন্তু এখন সেগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
মোদীর কথায়, নতুন মেট্রো পরিষেবা চালু হওয়ায় পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ ও গুরুগ্রামের মতো এনসিআর শহরগুলির সঙ্গেও রাজধানীর যোগাযোগ আরও সুবিধাজনক হবে।

No comments:
Post a Comment