উত্তর ২৪ পরগনা, ১৭ মার্চ ২০২৬: মঙ্গলবার দুপুরেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙা-ও। এখানে প্রার্থী করা হয়েছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। কিন্তু প্রার্থী ঘোষণা হতেই আমডাঙায় বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। প্রার্থী বদলের দাবীতে আমডাঙা কাঁকিনাড়া রোডে পদ্মালভপুরে বিক্ষোভ। ভূমিপুত্র রফিকূর রহমানকে প্রার্থী করা হোক, দাবী বিক্ষোভকারীদের।
প্রার্থী বদলের দাবীতে এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। 'কাশেম সিদ্দিকী গো ব্যাক', 'কাশেম সিদ্দিকী দূর হটো' স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান। প্রার্থী বদল না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
বিক্ষোভে সামিল পঞ্চায়েত সদস্য শেখ করিমুল ইসলাম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবেচনা করে আমাদের প্রার্থী রফিকূর রহমানকে আবার টিকিট দিতে হবে। যতক্ষণ না দেবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব।" তিনি বলেন, "আমরা এই রোজা অবস্থায় আন্দোলন করছি। যে ভূমিপুত্র আজ ১৫ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে, প্রতিটা অঞ্চল-বুথ সম্পর্কে তিনি জানেন। আর আজ হঠাৎ করে ফুরফুরা থেকে এক মৌলবী সাহেবকে দিয়েছে।
তাঁর দাবী, 'আমাদের এই ভোটটা বিভাজন করে বিজেপির হাতে আসনটা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমাদের নিজেদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে রফিকূর রহমানের টিকিট কেটেছে।" তিনি বলেন, "আমি দলের সাধারণ সম্পাদককে অনুরোধ করব বিবেছশ ভূমিপুত্র রফিকূর রহমানকে টিকিটটা দেন। জেতানোর দায়িত্ব আমডাঙার মানুষের।"
এদিকে অশান্তির খবর পেয়ে আইসি আনিসূর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে।

No comments:
Post a Comment