নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৩ মার্চ, ২০২৬: জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী হরে রাম সিং-এর সমর্থনে লেখা দেওয়ালে পড়ল গোবর, চুন এবং মাটির ছাপ। সাতসকালে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া ব্লক ২- এর বাহাদুরপুর অঞ্চলের ২১০ নম্বর বুথ এলাকায়।
উল্লেখ্য, আজ থেকে বেশ কিছুদিন আগে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কুনুস্তরিয়া এলাকায় এমন ঘটনা ঘটেছিল, যেখানে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু হয়। তবে এখনও পর্যন্ত সেই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত ছিল তা সামনে আসেনি। ঠিক তারই মাঝে আরও একবার এমন ঘটনা শিল্পাঞ্চলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মীদের দাবী, বিজেপি এবং সিপিএম মিলিতভাবে এই নোংরা রাজনীতি করছে। সেই কারণেই এমন ঘটনা। আমরা প্রশাসনের কাছে দাবী রাখব যে বা যারা এমন ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিক। নাহলে আগামী দিনে আমরা দলীয়ভাবে বড় পদক্ষেপ করতে বাধ্য হব।
এর পাশাপাশি তৃণমূল প্রার্থী হরেরাম সিং জানান, জামুড়িয়ায় তৃণমূল বিপুল ভোটে জিততে চলেছে। সেই কারণেই কিছু মানুষ এই ধরণের নোংরা কাজ করে বেড়াচ্ছেন।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম প্রার্থী ডঃ বিজন মুখার্জি বলেন, 'বিধানসভা জুড়ে আমাদের নির্বাচনী প্রচার পুরোদমে চলছে। আমাদের কর্মীরা এখন সকলেই দলের কাজে ব্যস্ত। আমাদের কেউ এমন কাজ করেনি। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই প্রভাব বলে দাবী বিজেপি প্রার্থীর।
বামেদের তরফেও এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএম নেতা তাপস কবি জানান, সিপিএম আজ পর্যন্ত কখনও এমন নোংরা রাজনীতি করেনি।অযথা সিপিএমের ওপর দোষারোপ করে কোনও লাভ হবে না।
তবে, বাহাদুরপুর এলাকায় এমন ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment