নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৬ মার্চ ২০২৬: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে কোনও দলেরই প্রার্থীর নাম ঘোষিত হয়নি। তার আগেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন নন্দীগ্রাম জুড়ে। কটাক্ষ তৃণমূলের! তুঙ্গে রাজনৈতিক তরজা।
রবিবার বিকেলে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পূর্ব মেদিনীপুরে ভোট হবে, ২৩শে এপ্রিল। রাজ্যের বিভিন্ন জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে পাখির চোখ নন্দীগ্রাম। গত বিধানসভায় নন্দীগ্রামে উড়েছিল গেরুয়া আবির।তবে এখনও কোনও রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেনি। এদিকে ভোটের দিন ঘোষণার পরেই নন্দীগ্রামে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করলেন শুভেন্দু অধিকারীর নামে। সেখানে লেখা, ২১০ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে জয়যুক্ত করুন।
বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের কথায়, 'পাঁচ বছরে শুভেন্দু অধিকারী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। কোনও কাজ করেননি।' শুভেন্দু অধিকারি যদি ভোটে দাঁড়ান, তাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দেন শেখ সুফিয়ান।
নন্দীগ্রাম বিজেপি মণ্ডল চারের সভাপতি সৌমিত্র দে বলেন, নন্দীগ্রাম সারা পশ্চিমবঙ্গকে পথ দেখায়। শুভেন্দু অধিকারী এই বিধানসভায় প্রার্থী হচ্ছেন আমরা সুনিশ্চিত করে ফেলেছি। তাই দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরেই কর্মীরা দেওয়াল লিখছেন এমনটাই জানান সৌমিত্র দে।
প্রসঙ্গত রবিবার সকালেই নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন শুভেন্দু অধিকারি। এদিন নন্দীগ্রামে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি বলেন, "দল আমাকে জিজ্ঞাসা করলে বলব নন্দীগ্রামেই লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিৎ।" তিনি বলেন, নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে।

No comments:
Post a Comment