কলকাতা, ০৫ মার্চ ২০২৬, ২০:৩০:০১ : আচমকাই পদ থেকে পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ভোটের মুখে কেন এমন সিদ্ধান্ত তাও অজানা। রাজ্যপালের পদত্যাগ নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতার। ২০২২ সালের ১৭ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মনোনীত হন। সেই হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যপালের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সাধারণত একজন রাজ্যপালের মেয়াদ পাঁচ বছর হলেও, প্রায় তিন বছর পার হতেই তিনি পদত্যাগ করায় নানা প্রশ্ন উঠছে। কোন পরিস্থিতিতে এবং কেন তাঁকে পদত্যাগ করতে হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও সংবাদসংস্থা PTI-কে বোস বলেন, “রাজ্যপালের দফতরে আমি যথেষ্ট সময় কাটিয়েছি।”
এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবর শুনে আমি স্তম্ভিত ও উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের সঠিক কারণ আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে রাজ্যপালের উপর কোনও চাপ সৃষ্টি করা হয়ে থাকলে তাতে আমি বিস্মিত হব না।”
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিকবার সংঘাতে জড়িয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে রাজ্য সরকারের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তৃণমূলের নেতা-মন্ত্রীরাও তাঁকে বিজেপির ঘনিষ্ঠ বলে আক্রমণ করেছিলেন।
তবে শুধু রাজ্য সরকারই নয়, বিজেপির তরফ থেকেও তাঁর সমালোচনা হয়েছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো নেতারা প্রকাশ্যে তাঁর সমালোচনা করে বলেছিলেন, সাংবিধানিক পদে থেকেও তিনি নাকি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।


No comments:
Post a Comment