ওয়ার্ল্ড ডেস্ক, ২৭ এপ্রিল ২০২৬: যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৪ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি সেসনা বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে পাইলট-সহ ১৩ জন যাত্রী, সকলের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে, খারাপ আবহাওয়ার কারণে কম দৃশ্যমানতায় এই দুর্ঘটনা ঘটতে পারে। আধিকারিকরা জানিয়েছেন, আরোহীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন এবং বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক।
জানা গিয়েছে, সোমবার সকালে রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ সুদানের নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ছিল একটি সেসনা, যেটি জিএমটি ০৭:১৫-এ জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এবং এতে থাকা কোনও আরোহী বেঁচে নেই।
নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য সংগ্রহ এবং জরুরি পরিষেবাগুলোকে সহায়তা করার জন্য জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটির ধ্বংসাবশেষ আগুনে জ্বলছে। স্থানটি পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি আরেকটি ঘটনায়, দিল্লঘ বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়। বিমানটিতে ২৩২ জন যাত্রী ছিলেন। বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন যে ছয়জন যাত্রী চিকিৎসা সেবা পাচ্ছেন। ইন্ডিয়া টিভি হিন্দি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ৩৩০ মডেলের জুরিখগামী ফ্লাইট এলএক্স১৪৭-এর একটি ল্যান্ডিং গিয়ারের বাম দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যার ফলে বিমানকর্মীরা উড্ডয়ন বাতিল করে পূর্ণাঙ্গ জরুরি ব্যবস্থা গ্রহণ করেন।

No comments:
Post a Comment