“৫ তারিখের পর কাটমানি শেষ!”—হিঙ্গলগঞ্জ থেকে গর্জে উঠলেন অমিত শাহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 24, 2026

“৫ তারিখের পর কাটমানি শেষ!”—হিঙ্গলগঞ্জ থেকে গর্জে উঠলেন অমিত শাহ


 উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে শুক্রবারের জনসভা থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জোর গলায় তিনি দাবি করেন, “আগামী ৫ তারিখের পর আর কাটমানির নামে ভাইপোকে ট্যাক্স দিতে হবে না।” একইসঙ্গে তাঁর বক্তব্য, ওই তারিখের পর রাজ্যে বর্তমান সরকার আর থাকবে না।

প্রথম দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। সেই পর্বে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ের আশা প্রকাশ করেছে বিজেপি। দ্বিতীয় দফায় বসিরহাট কেন্দ্রে ভোট রয়েছে, যেখানে দলের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এদিন সভা করেন শাহ। সেখান থেকেই তিনি শাসকদলকে একাধিক ইস্যুতে আক্রমণ শানান।

প্রায় দু’ বছর আগে সন্দেশখালির ঘটনা তুলে ধরে তিনি বলেন, ওই এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। তদন্তে যাওয়া কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। বর্তমানে ওই মামলার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান আদালতের নির্দেশে জেলে রয়েছেন।

নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় -কে নিশানা করে শাহ দাবি করেন, ২৬ হাজার যুবকের চাকরির বিনিময়ে বিপুল অর্থ নেওয়া হয়েছে, যা ফেরত দিতে হবে। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও সরব হয়ে তিনি অভিযোগ করেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য রাজ্যে বেআইনি অনুপ্রবেশ বাড়ানো হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, নির্বাচনের ফলের পর বিজেপি সরকার গড়লে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।

পাশাপাশি গরু পাচার নিয়েও তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, এই পাচার বেড়েছে রাজনৈতিক আশ্রয়ে, এবং ৫ তারিখের পর এ ধরনের কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা প্রসঙ্গেও কড়া বার্তা দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট দিনে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, অন্যথায় পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রথম দফার ভোটে ১৫২টি আসনের মধ্যে ১১০টিতে জয়ের দাবি করেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad