ভোটের সকালেই বিতর্ক—বিদ্যুৎ গেলেই ‘খেলা’? প্রশ্নে তপ্ত আসানসোল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

ভোটের সকালেই বিতর্ক—বিদ্যুৎ গেলেই ‘খেলা’? প্রশ্নে তপ্ত আসানসোল


 ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের সকালেই আসানসোলে উঠল গুরুতর অভিযোগ। একাধিক বুথে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সরাসরি অভিযোগ করেছেন, পরিকল্পনা করে ভোট চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নজরদারি বন্ধ করার চেষ্টা চলছে, যাতে ক্যামেরার চোখ এড়িয়ে অনিয়ম করা যায়।

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ আসানসোল উত্তরের এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে নিজের ভোট দেন অগ্নিমিত্রা পল। বুথ থেকে বেরিয়েই তিনি দাবি করেন, আগে থেকেই খবর পাওয়া গিয়েছিল যে নির্দিষ্ট কিছু বুথে বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি করা হবে। তাঁর অভিযোগ, প্লাগ পয়েন্টে কাগজ গুঁজে রেখে সংযোগ বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে, যাতে কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে যায় এবং নজরদারির ক্যামেরা বন্ধ হয়ে পড়ে। এরপর নতুন করে ব্যবস্থা করতে যে ৩০-৪০ মিনিট সময় লাগবে, সেই সুযোগে অনিয়ম করার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এছাড়াও অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, ভোট প্রভাবিত করতে বাইরে থেকে লোক আনা হচ্ছে। তাঁর দাবি, এলাকায় ইতিমধ্যেই বহু বহিরাগত ঢুকে পড়েছে এবং নাদিম নামে এক দুষ্কৃতী এলাকায় সক্রিয় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগের রাতেও আসানসোলের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, যা নিয়ে সন্দেহ আরও বাড়ছে।

অগ্নিমিত্রার মতে, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে যে প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা করা হয়েছে, তাকে ব্যাহত করতেই এই বিদ্যুৎ বিভ্রাটের কৌশল নেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধ হয়ে গেলে বুথের ভেতরের পরিস্থিতি বাইরে থেকে আর দেখা সম্ভব হবে না, আর সেই সুযোগেই অনিয়মের সম্ভাবনা বাড়ে বলে তিনি দাবি করেন।

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভোট চলাকালীন এমন অভিযোগ সামনে আসায় নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad