বিনোদন ডেস্ক, ১৩ এপ্রিল ২০২৬: টলিপাড়ায় উদ্বেগের খবর! আচমকাই গুরুতর অসুস্থ অভিনেতা সোহেল দত্ত। রবিবার রাত থেকেই অসুস্থ অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে ইঞ্জেকশন দিয়েও কোনও লাভ হয়নি। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতাকে। অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে শহরের একটি ডেস্ক হাসপাতালে ভর্তি করানো হয়েছে সোহেলকে। জানা গিয়েছে, কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন অভিনেতা। অভিনেতার মা নিজেই একথা জানিয়েছেন সমাজমাধ্যমে।
সোমবার সকালেই অভিনেতার মা লোপা দত্তের একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সোহেল। ছেলের এই অবস্থার কথা সমাজমাধ্যমে জানিয়ে মা লিখেছেন, 'সবাই প্রার্থনা করুন ওর জন্য'। এরপর সন্ধ্যা নাগাদ সমাজমাধ্যম পোস্টে তিনি জানান, অভিনেতার কিডনি স্টোনের সমস্যা হয়েছে।
রবিবার তৃণমূলের হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সোহেল। ফলে সারা দিন নিয়ম মেনে খাওয়া-দাওয়া করতে পারেননি। আগে থেকেই ঠাণ্ডা লাগার সমস্যায় ভুগছিলেন তিনি আর গরমে ঘুরে ক্লান্তও হয়ে পড়েছিলেন। এরপরেই গলার একটু আরামের জন্য দুধ দিয়ে চা খেয়েছিলেন। ব্যস, তার পর থেকেই শরীরে অস্বস্তি শুরু।
সোহেলের বাবা বলেন, "দুধ-চা খাওয়ার পরে খুব ক্ষিদে পেয়ে গিয়েছিল বলে রোল খেয়েছিল। রাতে ইউসুফ পঠান এসেছিলেন ওঁর স্ত্রীকে নিয়ে। ওঁদের নিয়ে গিয়েছিলাম এক বাঙালি রেস্তরাঁয়। সেখানে সোহেল লুচি আর পাঁঠার মাংস খেয়েছিল। তার পরেই মারাত্মক শরীর খারাপ হয়। পেটে অসহ্য ব্যথা।”
প্রথমে নিজেই হাসপাতালে গিয়ে প্রাথমিক ভাবে একটা ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েছিলেন। তবে রাতে ব্যথা আরও বেড়ে যাওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়। সোহেলের বাবা জানান, কয়েকটা ইঞ্জেকশন দেওয়ার পরে একটু স্বস্তি হলে ৪টে নাগাদ বাড়িতে ফিরিয়ে আনা হয় কিন্তু সোমবার সকালেই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ইউএসজিও করানো হয়েছে।
সোহেলের অসুস্থতার খবর পেয়ে প্রেমিকা তিয়াসা লেপচাও হাসপাতালে পৌঁছন। জানা গিয়েছে, অভিনেতার ফ্যাটি লিভারের সমস্যাও আছে। এমনকি তিনি জল কম খান বলেও অভিযোগ করেছেন অভিনেতার বাবা।


No comments:
Post a Comment