ভোটের উত্তাপে কালবৈশাখীর থাবা! একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

ভোটের উত্তাপে কালবৈশাখীর থাবা! একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাস


কলকাতা: রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট ঘিরে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপেই থাবা বসাতে চলেছে কালবৈশাখী। আজ বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে প্রবল বজ্রপাত, বিদ্যুৎ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে তীব্র গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।


বুধবার, নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোটগ্রহণের দিনেই আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে, বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্র বায়ু আসছে। একটি অনুকূল বায়ুপ্রবাহ তৈরি হচ্ছে। এর ফলে রাজ্য জুড়ে বজ্রপাত ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 


কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবল বজ্রঝড় হবে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বজ্রপাত ও বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার পরিবর্তন ৩রা মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।


অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটের ওপর প্যাচপ্যাচে গরমের হাত থেকে অন্তত কয়েকদিন মুক্তি মিলতে পারে, একথা বলাই যায়। 


উল্লেখ্য যে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত (২১ সেমি বা তার বেশি) রেকর্ড করা হয়েছে। ত্রিপুরার বেশ কয়েকটি স্থানেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad