ন্যাশনাল ডেস্ক, ২৯ এপ্রিল ২০২৬: বাংলায় দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় বুধবার। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন তিনি।
বুধবার অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গে নির্বাচনকে প্রভাবিত করতে কেন্দ্রীয় বলের নেতৃত্বে একটি 'সমান্তরাল প্রশাসনিক কাঠামো' তৈরি করা হয়েছে। সেইসঙ্গে তিনি দাবী করেন, প্রবল জনসমর্থনের কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি ঐতিহাসিক জয়ের দিকে এগিয়ে চলেছেন।
লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে সপা প্রধান অখিলেশ যাদব বলেন, "বাংলায় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ঐতিহাসিক ভোটে জিততে চলেছেন। বাংলার মানুষ বিপুলভাবে তাঁর পক্ষেই ভোট দিয়েছেন।" তিনি অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গে এই প্রথম নির্বাচনকে প্রভাবিত করার জন্য বর্তমান প্রশাসনের পাশাপাশি একটি সমান্তরাল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
অখিলেশ যাদব বলেছেন, "আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে একটি সমান্তরাল কাঠামো তৈরি করা হয়েছে। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একটি সম্পূর্ণ আলাদা কমান্ড চেইন স্থাপন করা হয়েছে।" সপা প্রধান দাবী করেছেন যে, পশ্চিমবঙ্গে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) পর্যায়েও হস্তক্ষেপের সংকেত মিলছে।
তিনি অভিযোগ করেন, "ডিজিপি কে হওয়া উচিৎ, তার জন্য নাম প্রস্তাব করা হচ্ছে এবং প্রতিটি জেলায় পুলিশ প্রধানের উপরে একজন আইপিএস অফিসারকে মোতায়েন করা হয়েছে।" অখিলেশ যাদব কিছু আধিকারিকের বিরুদ্ধে চাপ বা প্রলোভনের অধীনে কাজ করার অভিযোগও করেছেন।
অখিলেশ যাদব বলেছেন, " কিছু আধিকারিক
(পশ্চিমবঙ্গে কর্মরত) রয়েছেন যাদের আগে থেকেই সুবিধা দেওয়া হয়েছে বা ভবিষ্যতে সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে। কয়েকজনকে পাঠানো হয়েছে কারণ তাঁরা তদন্ত বা অন্যান্য কারণে চাপের মধ্যে আছেন।" তিনি আরও অভিযোগ করেন যে, উত্তর প্রদেশের রামপুর লোকসভা উপনির্বাচনেও একই ধরণের কৌশল অবলম্বন করা হয়েছিল।
তিনি বলেন, "রামপুরে যে ধরণের মডেল দেখা গিয়েছিল, এখন বাংলাতেও নির্বাচনকে প্রভাবিত করতে এর নকল করা হচ্ছে।" সপা প্রধান ভোটারদের কাছে আবেদন করেন, যারা আধিকারিকদের অপব্যবহার করে, তাঁদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। তিনি এও সতর্ক করেন যে, এই ধরণের মডেল" উত্তরপ্রদেশেও গ্রহণ করা হতে পারে। তিনি বলেন, "উত্তর প্রদেশে আগেও এই ধরনের কার্যকলাপ দেখা গেছে এবং আবারও ব্যবহার করা হতে পারে। জনগণকে সতর্ক থাকা উচিৎ।"

No comments:
Post a Comment