নির্বাচনের প্রচারের মাঝেই ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা, নজর কাড়লেন বিজেপি প্রার্থী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

নির্বাচনের প্রচারের মাঝেই ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা, নজর কাড়লেন বিজেপি প্রার্থী


উত্তর ২৪ পরগনা, ১৭ এপ্রিল ২০২৬: রাজ্যে বিধানসভা ভোটের হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই আবহে প্রার্থীদের প্রচার চলছে জোরকদমে। আর এবারে তো আলাদাই দৃশ্য চোখে পড়ছে প্রার্থীদের প্রচারে; রুটি বেলা, ঘুঁটে দেওয়া, রান্না করা- বাদ যাচ্ছে না কিছুই। তবে এসবের মাঝেই ভোট প্রচারে নজর কাড়লেন বিজেপি প্রার্থী; মাইক হাতে প্রচার, সঙ্গে ডেঙ্গি সতর্কবার্তা। এই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে। 


বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে ভিন্ন বার্তা দিলেন বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ। শুক্রবার তিনি মমিনপুর এলাকায় প্রচারে গিয়ে দেখেন, টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক খাল দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও অভিযোগ ওঠে।


এরপরই মাইক হাতে ভোটের প্রচার, সঙ্গে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা ডেঙ্গি সম্পর্কে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার বার্তাও দেন বিজেপি প্রার্থী। জমে থাকা জল দ্রুত সরানো, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, এবং মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। তাঁর দাবী, সময়মতো নিকাশি ব্যবস্থা ও খাল সংস্কার করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। একইসঙ্গে দ্রুত পদক্ষেপ করার দাবী জানান বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ।


এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নেন স্থানীয় দলীয় কর্মী-সমর্থকরাও। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন সকলে। এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, এই ধরণের উদ্যোগ শুধুমাত্র ভোটের সময় নয়, সারা বছর জুড়েই থাকা উচিৎ। প্রার্থীর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করছেন, ভোটের প্রচারের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়ে এই ধরণের সচেতনতা বার্তা অত্যন্ত প্রয়োজনীয় এবং অবশ্যই প্রশংসনীয়।

No comments:

Post a Comment

Post Top Ad