ফল ঘোষণার আগেই জয়ের উল্লাস! ফুলবাড়ীতে গেরুয়া আবির হাতে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 30, 2026

ফল ঘোষণার আগেই জয়ের উল্লাস! ফুলবাড়ীতে গেরুয়া আবির হাতে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের


শিলিগুড়ি: ভোটের ফলাফল ঘোষণার আগেই বিজয় উল্লাস।‌ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে আবির খেলায় মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। এদিন একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। 


তাদের দাবী, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হয়েছে এবং তাতেই বিজেপির জয় নিশ্চিত। বিজেপি কর্মীদের মতে, এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে তাদের দল।


এই প্রসঙ্গে, ফুলবাড়ী মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক উত্তম সরকার বলেন, "গতকাল ভোটের যে হার, ৯২ শতাংশের উপরে, নির্বাচন কমিশনার ও রাজ্য পুলিশকে এর জন্য অনেক ধন্যবাদ।" তিনি বলেন, "২০১১ সাল থেকে বিজেপির কত কর্মী ভোট করতে গিয়ে মারা গেছেন। কিন্তু এবারে তেমন কিছু হয়নি। আমরা খুব খুশি। আগামী দিনে বিজেপির জয় নিশ্চিত। আর এর এজন্য আজ একটু হালকা করে আবির দেওয়া হল। ৪ তারিখে গেরুয়া আবির দিয়ে পুরো ফুলবাড়ি অঞ্চল সাজিয়ে দেব। 


তাঁর দাবী, ডাবগ্রাম- ফুলবাড়ীতে এবারে বিজেপির খুব ভালো ফলাফল হবে। তিনি বলেন, "গতবারের চেয়েও দ্বিগুণ মার্জিনে আমরা ডাবগ্রাম ফুলবাড়ীতে জিতে আসছি।" সেইসঙ্গে তাঁর দাবী, গোটা রাজ্যে বিজেপি ১৫০ থেকে ১৭০ আসন পাবে। তিনি বলেন, 'সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব। বিজেপির জয় একদম নিশ্চিত।'


এদিকে ফলাফল প্রকাশের আগেই এমন আগাম উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি। 

 

তবে, শাসক-বিরোধী সকলের ভাগ্য এখনও ইভিএম-বন্দি। আগামী ৪ঠা মে ভোট গণনার পরেই বোঝা যাবে নবান্নে আবার মমতা, নাকি বঙ্গে ফুটতে চলেছে পদ্ম!

No comments:

Post a Comment

Post Top Ad