যোগীর সভা থেকে ফেরার পথে বিজেপির বাসে হামলা! ভাঙল কাঁচ, জখম ১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 12, 2026

যোগীর সভা থেকে ফেরার পথে বিজেপির বাসে হামলা! ভাঙল কাঁচ, জখম ১


নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি নেতা-কর্মীদের বাসে হামলা, ভাঙল বাসের কাঁচ। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনাস্থল বাঁকুড়া। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের।  


সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে রবিবার পাত্রসায়ের গরুহাট তলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা ছিল । সেখানে সোনামুখী ব্লক এলাকা থেকে একাধিক বাসে করে বিজেপির কর্মী সমর্থকরা গিয়েছিলেন। বিজেপির অভিযোগ, সভা শেষে যখন বাসগুলো বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে পাত্রসায়ের থেকে সোনামুখীর দিকে ফিরছিল, ঠিক তখনই ধানশিমলা রেলগেট সংলগ্ন এলাকায় এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বাস লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। ইটের ঘায়ে একটি বাসের জানালার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। আহত হয় এক বিজেপি কর্মী। 


এরপর এই বাস-সহ অন্যান্য বাসে থাকা বিজেপি কর্মী-সমর্থকেরা ধানশিমলায় বাঁকুড়া-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকেরা হাতে বড় বড় বাঁশ, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেইসঙ্গে পৌঁছান সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামী। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে পথ অবরোধ তুলে দেন।  


অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ কল্লোল সাহা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এটা বিজেপির মিথ্যা অপপ্রচার। তৃণমূল কর্মীদের অন্যান্য কাজ আছে, তারা সেই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad