প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৮:০১ : "যদি আমি নির্বাচনী প্রচারের জন্য পশ্চিমবঙ্গে যাই, তবে আমাকে গ্রেপ্তার করা হবে। পশ্চিমবঙ্গে আমার বিরুদ্ধে ৩৮টি ভুয়া মামলা দায়ের করা হয়েছে। আজ আমি যদি জীবিত থাকি, তা বজরংবলির কৃপায়—নইলে আমার ছবিতে মালা পড়ে যেত", এমনটাই দাবী করেছেন মধ্যপ্রদেশ সরকারের নগর প্রশাসন মন্ত্রী তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা কৈলাস বিজয়বর্গীয়।
আসলে, রতলাম শহরে গত শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি পশ্চিমবঙ্গে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে সেখানে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। তিনি আরও বলেন, দল থেকেই তাঁকে পশ্চিমবঙ্গে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়ো মামলার সংখ্যা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে ৩৮টি ভুয়া মামলা রয়েছে এবং সেখানে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাই দল তাঁকে সেখানে যেতে নিষেধ করেছে, নইলে নতুন সমস্যা তৈরি হতে পারে। কোনও নতুন বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর পাশাপাশি, হুমায়ুন কবীর এবং এক হাজার কোটি টাকার লেনদেন সংক্রান্ত প্রশ্নেও তিনি প্রতিক্রিয়া দেন। তাঁর বক্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ ভোট হুমায়ুন কবীরের দিকে চলে যাচ্ছিল, এতে মুখ্যমন্ত্রী মমতা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি দাবি করেন, সেখানে বিপুল সংখ্যক মুসলিম জনতা একত্রিত হয়েছিল।
এরপর মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, তাঁর সঙ্গে বহু চোরাকারবারি ও দুষ্কৃতী জড়িত রয়েছে, যারা তাঁকে পুনরায় ক্ষমতায় আনতে চেষ্টা করছে। তিনি আরও বলেন, তিনি ছয় বছর সেখানে ছিলেন এবং আজ যদি জীবিত থাকেন, তা বজরংবলির আশীর্বাদেই—নইলে তাঁর ছবিতে মালা পড়ে যেত।
শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দূর-দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে অংশ নিতে আসছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এবারে নিশ্চিতভাবেই বিজেপির সরকার গঠিত হবে এবং গেরুয়া পতাকা উড়বে।

No comments:
Post a Comment