কলকাতা, ১৯ এপ্রিল ২০২৬, ১৯:০৫:০১ : বাংলায় এসে ঝালমুড়িতে মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামে নির্বাচনের প্রচার শেষ শেষে আচমকাই এক মুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। সেখানেই ঝালমুড়ি খেতে দেখা যায় তাঁকে।
ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার ঠিক আগে তিনি হঠাৎই রাস্তার দিকে হাঁটতে শুরু করেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী রাজকলেজ মোড়ে ‘স্বপনলালের স্পেশাল মুড়ি’ দোকানে ঢুকে সবাইকে চমকে দেন। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারী বাবু’ নামে পরিচিত, এখনও এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেননি।
বিক্রম বলেন, “স্যার হঠাৎ এসে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? তারপর বললেন, ঝালমুড়ি বানাও। আমি বানিয়ে দিলাম। খাওয়ার পর তিনি বললেন, এটা খুবই ভালো হয়েছে। শুধু মুড়িই খাননি, আমার মা-বাবার নাম আর ব্যবসা সম্পর্কেও জানতে চেয়েছেন। সত্যিই এটা ভাগ্যের বিষয়।”
বিশ্লেষকদের মতে, দেশের প্রধানমন্ত্রীর এভাবে সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশা করার ঘটনা খুব কমই দেখা যায়। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জনসভায় যাওয়ার পথে রাস্তার ধারের একটি দোকানে চপ ভাজতে বা চা বানাতে দেখা গিয়েছিল। এই ঘটনাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত জনসংযোগের ধাঁচ অনুসরণ করেই কি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ, নাকি এটি নতুন কোনও রাজনৈতিক দিকের ইঙ্গিত। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর এই উদ্যোগকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক বিরোধী শিবির।

No comments:
Post a Comment