প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ১৫ এপ্রিল ২০২৬, ২১:৩৭:০১ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীতে আর কোনও অবরোধ থাকবে না। এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা এখন এটি সম্পূর্ণভাবে খুলে দিচ্ছি।” তিনি জানান, এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে এবং চীন ইরানকে আর অস্ত্র দেবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই স্থায়ীভাবে প্রণালীটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে আর কখনও হরমুজ বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হবে না। এটি এখন সব দেশের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেন।
চীন অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছে
সম্প্রতি যুদ্ধবিরতির সময়ে খবর ছড়িয়েছিল যে চীন ইরানকে কিছু অস্ত্র পাঠিয়েছে। ট্রাম্প জানান, এরপর তিনি চীনের রাষ্ট্রপতিকে চিঠি লিখে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেন এবং তাতে সাড়া দিয়েছে বেইজিং। তিনি আরও বলেন, চীন সফরে গেলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।
এর আগে সোমবার, মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণা করেছিল।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
১) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অবরোধ কার্যকর হয়নি। অবরোধের প্রথম দিনেই প্রায় কুড়িটি জাহাজ প্রণালী পার হয়ে যায়, যাদের থামাতে ব্যর্থ হয় মার্কিন নৌবাহিনী। এর মধ্যে বেশিরভাগ জাহাজ ছিল চীনের, যাদের আটকানো বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি করতে পারত।
২) ব্রিটেন ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কিছু দেশ এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে ওঠে। তাদের মতে, যুদ্ধে জড়িত কোনও দেশ বিশ্ব বাণিজ্যকে বিপদের মুখে ফেলতে পারে না। এজন্য তারা যৌথ উদ্যোগের কথাও ভাবছিল।
৩) এই সপ্তাহের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার আগে অবরোধ ব্যর্থ হলে আলোচনায় মার্কিন অবস্থান দুর্বল হতে পারত। তাই তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No comments:
Post a Comment