নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল ২০২৬: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে। এদিন প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারায় ক্ষুদে পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম রিজু ভৌমিক, সে চতুর্থ শ্রেণির ছাত্র। বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতন এদিনও সাইকেল নিয়ে সে পড়তে গিয়েছিল। সেখান থেকে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর পিছন থেকে তাকে ধাক্কা মেরে দেয়। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে ওই পড়ুয়া এবং মাথায় গুরুতর চোট পায়। ট্রাক্টরটি ওই জখম অবস্থাতেই শিশুটিকে ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাক্টরের চালককে আটকে দেন।
প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিচারের দাবীতে দফায় দফায় এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হলে তা কড়া হাতে মোকাবেলা করে পুলিশ। ট্রাক্টরের চালককে আটক করা হয়। অন্যদিকে আহত ওই পড়ুয়াকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার বেলার দিকে কালনা হাসপাতালে মৃত দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে বাড়ির ছোট্ট সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment