গান্ধীজিকে দেশদ্রোহী কটাক্ষ বিজেপি প্রার্থীর! প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ তৃণমূলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 13, 2026

গান্ধীজিকে দেশদ্রোহী কটাক্ষ বিজেপি প্রার্থীর! প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ তৃণমূলের


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ভোটের প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী কটাক্ষ। সমালোচনা বিদ্ধ ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়। তাঁর বক্তব্য ভাইরাল হতেই সর্বত্র নিন্দার ঝড়। প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করে, জাতীয় পতাকা এবং মহাত্মা গান্ধীর ছবি হাতে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। 


ঘটনার সূত্রপাত শনিবার রাতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি এলাকায় বিজেপির পথসভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারান বিজেপি প্রার্থী। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট প্রচারে গিয়ে কর্মী সভা করছেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। আর সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তিনি একজন সেনা কর্মী, ভোট প্রচার ও নিজেকে সেনা কর্মী হিসেবেও দাবী করেন, তাঁর মুখে কি এই ধরণের কথা মানায়? 


এদিকে এই ঘটনার পর রবিবার সন্ধ্যায় বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল।‌ এদিন ধূপগুড়ি শহরে মিছিল করে চৌপথি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ বাতিল, তাঁকে গ্ৰেফতার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী তোলে তৃণমূল।


জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, 'ভাইরাল ভিডিও আমরা দেখেছি। বিজেপির প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেছেন মহাত্মা গান্ধী নাকি দেশদ্রোহী। এত বড় নক্ক্যারজনক কথা উনি বলেছেন, আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই জানি দেশের স্বাধীনতায় মহাত্মা গান্ধীর কি অবদান ছিল।‌ তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মত মহান পুরুষকে এই ধরণের কথা আমরা দেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। তাই আমরা আজ রাস্তায়।' 


তাঁর দাবী, বিজেপি প্রার্থীকে গ্ৰেফতার করতে হবে।‌ নাহলে নিঃশর্তে ধূপগুড়ি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, 'যিনি একজন সৈনিক, তিনি কখনই মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলতে পারেন না।'

No comments:

Post a Comment

Post Top Ad