নজরে রেশন দুর্নীতি! অভিনেত্রী নুসরাতকে ইডির তলব - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

নজরে রেশন দুর্নীতি! অভিনেত্রী নুসরাতকে ইডির তলব

 


কলকাতা, ২০ এপ্রিল: রেশন দুর্নীতি মামলায় বিপাকে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। অভিনেত্রীকে তলব করেছে ইডি। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আগামী ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একথা জানিয়েছেন। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি, গম পাচারের মামলা যে সময় হয়েছিল সেই সময় নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। তাই তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে নুসরাত জাহানের। 


অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে। এই বিষয়ে যদিও এখনও নুসরতের তরফ থেকে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, দিল্লীতে ইডির সদর দফতরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, এর আগেও নুসরত জাহানকে একটি সংস্থায় ফ্ল্যাট কেনা-বেচার দুর্নীতির অভিযোগে তলব করেছিল ইডি। 


প্রসঙ্গত, বর্তমানে বিনোদন জগৎ থেকে খানিকটা দূরেই রয়েছেন নুসরত জাহান। কিছুদিন আগেই স্বামী তথা অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে ছুটির মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। আর বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় নুসরত। বিভিন্ন ট্রেন্ড ফলো করতে যেমন তাঁকে দেখা যায়, তেমনই আবার বিভিন্ন অনুষ্ঠান নিজের মতো করে পালনও করেন তিনি। ফলত, সবসময়ই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চর্চায় থাকেন এই অভিনেত্রী।


তবে, এবারে রেশন দুর্নীতি মামলায় ইডির ডাক পেয়েছেন অভিনেত্রী। আর এত বড় মাপের মামলায় তাঁর নাম জড়ানোয় রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে। ঘটনা এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad