কলকাতা: গরম বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর সেইমতোই চৈত্রের শেষ থেকেই শুরু হয়ে গেল গরমের দাপাদাপি। দক্ষিণবঙ্গের চারটি জেলায় গরমে নাজেহাল হতে হবে মানুষকে। স্বস্তি নেই কলকাতাবাসীর জন্যও। শহরে আজ মঙ্গলবার বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে, বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১.১ ডিগ্রি বেশি।
বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি রয়েছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে গরমের সঙ্গে ভ্যাপসা ভাবও অনুভূত হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম বা নেই বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় গরম-ভ্যাপসা আবহাওয়া থাকতে পারে। আইএমডি এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে । আর্দ্রতার মাত্রা বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরমের তীব্রতা বেশি অনুভব হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক বা দুই জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলারও এক বা দুই জায়গায় হালকা বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলেই পূর্বাভাস।

No comments:
Post a Comment