কলকাতা: ভোট পর্ব মিটেছে, এবার আগামী ৪ তারিখ ভোট গণনা। তা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে আবার নতুন বিতর্ক। জল গড়াল আদালতে। নির্বাচন কমিশনের দুটি পৃথক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবী, এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। কমিশনের এই একপাক্ষিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর আপত্তির জায়গা হল গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণের পথে হাঁটা হয়েছে। কিন্তু বিশ্বরূপ ভট্টাচার্যের দাবী, হঠাৎ করে এভাবে গণনাকেন্দ্রের স্থান বদল করা আইনত সঠিক নয়। আজই এই মামলার শুনানি হওয়ার কথা।
বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নির্বাচনের শুরু থেকেই কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার গণনা পর্বেও দায়ের হল মামলা।
বুধবার দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় ভোট গ্ৰহণ মিটেছে। এবারে আগামী ৪ঠা মে ভোটগণনা। শাসক-বিরোধী সব দলই নিজেদের জয়ের দাবী করছে। তবে, শেষ হাসি কে হাসবেন, সেটা জানতে আর কয়েকদিন একটু অপেক্ষা তো করতেই হচ্ছে রাজ্যবাসীকে। তার আগে এই জোড়া মামলায় আদালত কি পদক্ষেপ করছে, সেটাই আপাতত দেখার।

No comments:
Post a Comment