'আগের বিধায়ককে প্রশ্ন করুন', বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে জবাব তৃণমূল প্রার্থীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 16, 2026

'আগের বিধায়ককে প্রশ্ন করুন', বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে জবাব তৃণমূল প্রার্থীর


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ভোটের প্রচারে বেরিয়ে জনগণের ক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কাদা মাখা রাস্তায় প্রার্থীর সামনেই বিক্ষোভ স্থানীয়দের। ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটার। প্রচারে বেরিয়ে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসকে। পাল্টা বিজেপির কোটেই বল ঠেলে দিলেন তৃণমূল প্রার্থী। 


বৃহস্পতিবার সকালে গাইঘাটা বিধানসভার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাস। প্রচারের সময় ইছাপুর গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ এলাকায় রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। প্রার্থীর সামনে দাঁড়িয়েই দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবীতে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।


পরিস্থিতি বেগতিক দেখে নরোত্তম বিশ্বাস পাল্টা তোপ দাগেন এলাকার বিদায়ী বিজেপি বিধায়কের বিরুদ্ধে। 

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী বলেন, “আপনারা আমাকে কেন বলছেন? যিনি গত পাঁচ বছর বিধায়ক ছিলেন, তাঁকে প্রশ্ন করুন। তিনি বিজেপির বিধায়ক হয়েও কেন এলাকার উন্নয়ন করেননি?” পাশাপাশি তিনি আশ্বাস দেন, “এবার আমাদের সুযোগ দিন, আমরা জিতলে এই রাস্তার সমস্যার সমাধান করব।”


পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নরোত্তম বিশ্বাস দাবী করেন, সাধারণ মানুষের ক্ষোভ আসলে তাঁর বিরুদ্ধে নয় বরং বিগত পাঁচ বছরের জনপ্রতিনিধির বিরুদ্ধে। তাঁর কথায়, “মানুষ প্রশ্ন তুলছেন এতদিন তাঁদের বিধায়ক কোথায় ছিলেন? কেন মানুষের অভাব-অভিযোগ শোনেননি?” তিনি আরও অভিযোগ করেন, গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা তাদের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।


এদিকে, স্থানীয় তৃণমূল নেতা রবিন দাস বলেন, “যারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা অনেকেই বিজেপির কর্মী। পরিকল্পনা করেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাদের উচিৎ নিজেদের বিধায়ক ও সাংসদের কাছেই এই প্রশ্ন তোলা।”

No comments:

Post a Comment

Post Top Ad