উত্তরে ঝড়-বৃষ্টি! দক্ষিণে তাপ থেকে রেহাই কবে? কী বলছে হাওয়া অফিস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

উত্তরে ঝড়-বৃষ্টি! দক্ষিণে তাপ থেকে রেহাই কবে? কী বলছে হাওয়া অফিস

 


কলকাতা: সকাল থেকেই ভয়ঙ্কর গরম। তার ওপর বাড়তি পাওনা অতিরিক্ত আর্দ্রতা। এতে করে একেবারে নাজেহাল অবস্থা। বাইরে গেলেই ঘাম-ক্লান্তিতে হাঁসফাঁস। এরই মাঝে শনিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস। কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস; জানানো হয়েছে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দফতরের‌ দেওয়া খবর অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া থাকবে উত্তপ্ত। সকাল থেকেই রোদ দাপট। বেলা বাড়তেই তাপপ্রবাহের চোখরাঙানি। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমে প্রচণ্ড কষ্টের আশঙ্কা। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে; ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।


তবে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি রয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা জেলায়। রবিবারও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। তবে তাতে গরম কমার খুব একটা সম্ভাবনা নেই। 


হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে।


হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আর কয়েক দিন বৃষ্টির পর তাপমাত্রা ধীরে-ধীরে কমতে পারে।


শনি সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়া বুধবার দ্বিতীয় দফায় নির্বাচনের দিন কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম। প্রায় প্রতিদিনই সেখানে বৃষ্টি হচ্ছে। শনিবার সেখানে বৃষ্টির আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষত, দার্জিলিং, মালদা এবং কোচবিহারে বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ২৬ থেকে ২৭এপ্রিল। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে।

No comments:

Post a Comment

Post Top Ad