'মানুষ এখানে ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন', ভোট প্রচারে এসে তৃণমূলকে নিশানা রাজনাথ সিংয়ের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

'মানুষ এখানে ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন', ভোট প্রচারে এসে তৃণমূলকে নিশানা রাজনাথ সিংয়ের


বীরভূম: 'বাংলায় এবারে বিজেপি সরকার গঠন হবেই', দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে জোরালো দাবী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। জনসাধারণের কাছে ভোট আবেদনের পাশাপাশি এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। সেইসঙ্গে অপারেশন সিঁদুরের কথাও শোনা যায় রাজনাথ সিংয়ের গলায়। 


সোমবার বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাসের সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের এই রোড শো ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়।


রোড শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজনাথ সিং। তিনি বলেন, "একাধিক জনসভা ও রোড শো করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি এবং শুধু আমিই নয়, অনেক নাগরিক এটা মানেন যে, এবারে পশ্চিমবাংলায় বিজেপির সরকার গঠন হতে চলেছে আর ক্লিয়ার মেজরিটির সঙ্গে।"


তাঁর দাবী, পুরো পশ্চিমবঙ্গে ভয়, আতঙ্ক, অপরাধ ও অত্যাচারের পরিবেশ টানা ১৫ বছর ধরে রয়েছে। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের জনগণ তিন-তিনবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছেন। কোনও রাজ্যের বিকাশের জন্য ১৫ বছর কম নয় বলেই আমি মনে করি। দেশে এমন অনেক রাজ্য রয়েছে যারা পাঁচ থেকে আট বছরে দ্রুত বিকাশ করেছে।" 


তাঁর কথায়, "আগে দেশের অর্থব্যবস্থায় পশ্চিমবঙ্গের যোগদান ১০ শতাংশ ছিল, সেটা তৃণমূলের আসার পর ৫ শতাংশে নেমেছে। এমন অবস্থা হয়েছে‌। মানুষ এখানে ভয় ও আতঙ্কে কোনও ভাবে দিন কাটাচ্ছেন। এজন্য পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমি আবেদন করতে চাই, এবার পরিবর্তন হওয়া উচিৎ।" পাশাপাশি এখানকার মা-বোনেদের বিজেপির হাত মজবুত করার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। 


মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়েও সুর চড়ান রাজনাথ। তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এই দেশের মহিলাদের লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ নয়তো কাল এটা হবেই।"


বাংলায় বিজেপি কত আসনে জয়ী হবে এ বিষয়ে স্পষ্ট করে না বললেও রাজনাথ সিং বলেন, ক্লিয়ার মেজরিটি নিয়ে বিজেপি সরকার গঠন হবে‌। তিনি বলেন, "এত গরম সত্ত্বেও মানুষ যেভাবে এই পদযাত্রায় উপস্থিত হয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে এখানকার মানুষ মনে মনে ঠিক করে নিয়েছেন এখানকার বিজেপি প্রার্থী খোকন দাসকে বিপুল ভোটে জয়ী করে রাজ্য বিধানসভায় পাঠাবেন।"


মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়া প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, "শুধু তৃণমূল কংগ্রেসই নয়, ডিএমকে, কংগ্রেস, সমাজবাদী পার্টি সবাই বিরোধীতা করেছে। কিন্তু যাঁরা এই ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে বিরোধ করেছেন, নির্বাচনে মহিলারা তাঁদের শিক্ষা দেবেন।"


"অপারেশন সিঁদুর এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য ছিল এবং এর জন্য আমি আমাদের বাহাদুর জওয়ানদের অভিনন্দন জানাই", সংযোজন রাজনাথ সিংয়ের।

No comments:

Post a Comment

Post Top Ad