কলকাতা: কয়েকদিনের দহন জ্বালা কাটিয়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বুধবার সন্ধ্যা থেকে। এতে করে ভোটের উত্তাপ কতটা কমেছে জানা নেই, তবে পরিবেশ যে বেশ কিছুটা ঠাণ্ডা হয়েছে, একথা বলাই যায়। সেইসঙ্গে কেটেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজও আবহাওয়া মোটের ওপর স্বস্তিদায়ক থাকবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
হাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টি হবে। পাশাপাশি বইতে পারে ঝড়। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে প্রবল বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি গতিতে ঝড় হতে পারে বলে আশঙ্কা।
এদিন সকাল থেকেই তিলোত্তমার আকাশে মেঘ জমেছে। পাশাপাশি তামপাত্রাও রয়েছে কমের দিকে। আর কয়েকদিন আবহাওয়া এমন থাকবে বলেই ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব মিলিয়ে আরামদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। তবে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবার হাওয়া বদল। এই দিন থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমতে পারে বৃষ্টির দাপট। এমনকি ঝড়ের সম্ভাবনাও কমতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে তো স্বস্তির বাতাস বইছে বেশ কিছুদিন থেকেই। উত্তরের দিকে নিয়মিত বৃষ্টি হয়েছে। বিশেষত, পাহাড়ের দিকটা মাঝে মধ্যেই ভিজেছে। তাই খুব একটা গরম পোহাতে হয়নি উত্তরবঙ্গবাসীকে। আর আপাতত এই ধারা বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বাংলার এখানকার অধিকাংশ জেলায় বৃষ্টি হবে আর সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে, শুক্রবারের পর কমে যেতে বৃষ্টি ও হাওয়ার দাপট কমতে পারে।
পাশাপাশি মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষের অক্ষরেখা বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর অবধি বিস্তৃত যা পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত, বাংলাদেশ দক্ষিণ আসামের উপর দিয়ে অতিক্রম করছে।

No comments:
Post a Comment