নদিয়া: প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এই আবহেই আরএসএস নেতার নামে খুনের হুমকির পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার মামজোয়ান এলাকায়। এই পোস্টার-কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবী, নির্বাচনের আগে বিজেপির এটা সম্পূর্ণ নাটক। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে বিজেপি এখন চোখে-মুখে সর্ষের ফুল দেখছে।
শুক্রবার সকালে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার মামজোয়ান এলাকায় আরএসএস নেতার নামে হুমকির পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে লেখা, 'মাষ্টারমাইন্ড RSS নেতা আশুতোষ বিশ্বাস, বাড়ি বাড়ি গিয়ে বেশী সনাতনী ধর্ম ফলাচ্ছ। ৪-ঠা মে এর পরে তোমার ও তোমার ওই সনাতনী ধর্ম কে কুরবানী দেব।' এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি নেতৃত্ব। এছাড়াও কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস সরজমিনে গিয়ে ঘটনার প্রতিবাদ শুরু করেন।
বিজেপির দাবী, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং কোন না কোন রাজনৈতিক দলের মদতপুষ্ঠ এই দুষ্কৃতীরা। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে তদন্ত করে দেখার আর্জি জানানো হয়েছে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে নির্বাচনের আগেই বড় আন্দোলনের হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন আরএসএস নেতা আশুতোষ বিশ্বাস।
যদিও তৃণমূলের দাবী, প্রত্যেকটি নির্বাচনের আগে বিজেপির এটি সম্পূর্ণ নাটক। নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে চোখে মুখে সর্ষের ফুল দেখছে বিজেপি। ২৩ এপ্রিল নির্বাচনের দিন খেয়াল করলে দেখা যাবে বিজেপি বেসামাল হয়ে গেছে। তাই বিজেপির গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ এই ঘটনা। এর সাথে তৃণমূলের কোনও যোগসূত্র নেই।
অন্যদিকে আরএসএস নেতার নামে খুনের হুমকির পোস্টারের মূল ঘটনার সত্যতা উদঘাটন করতে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তবে, কৃষ্ণগঞ্জ বিধানসভার মামজোয়ান এলাকায় নির্বাচনী বিধি নিষেধের মধ্যে এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

No comments:
Post a Comment