ঝাড়গ্রাম: রাজ্যে প্রথম দফায় নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। তার আগে রবিবার প্রচারে ঝড় তুললেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেব। এদিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “যারা কথা দিয়ে কথা রাখে, তাঁদের পাশে থাকা দরকার।” তিনি দাবী করেন, 'রাজ্য সরকার মানুষের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে।' এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন যুবসাথী, কন্যাদের জন্য রূপশ্রী ও কন্যাশ্রী এবং মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসা শোনা যায় দেবের গলায়। তিনি আরও বলেন, নির্বাচন হওয়া উচিৎ উন্নয়নের নিরিখে—রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সার্বিক পরিকাঠামোকে সামনে রেখে।
ধর্ম বা জাতপাতের রাজনীতি নয়, শান্তি ও উন্নয়নের পক্ষে মানুষকে মত দেওয়ার আহ্বান জানান দেব। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্ম দেখে রাজনীতি করে না। আমাদের কাজ মানুষকে আগলে রাখা। আমাদের আসল ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা, এক রাখা।" তাঁর মন্তব্য, "আমাদের কাজটাই হচ্ছে ধর্ম।"
এদিন সভা থেকে দলীয় প্রার্থী দুলাল মুর্মুকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান তৃণমূলের তারকা সাংসদ। তাঁর কথায়, দুলাল মুর্মুর জয় মানে রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। দেব বলেন, "আমি এটুকু বলতে চাই- যদি আপনাদের এইটুকু মনে হয় সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে আপনাদের সবাইকে আগলে রেখেছেন, ভালো রেখেছেন, ধর্ম নির্বিশেষে কাজ করেছেন, তাহলে ২৩ তারিখে আমাদের প্রার্থী দুলাল মুর্মুকে বিপুল ভোটে জয়ী করবেন।" পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আবেদন জানান।
প্রসঙ্গত, এদিনের জনসভায় দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দুলাল মুর্মু, জেলার যুব সভাপতি সুমন সাহু, মেন্টর স্বপন পাত্র, নয়াগ্রাম ব্লকের সভাপতি রমেশ রাউত, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি টিংকু পাল-সহ অন্যান্যরা। সভায় জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।

No comments:
Post a Comment