কলকাতা: একটানা গরমের পর স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। নববর্ষের দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। যদিও খুব বেশি বৃষ্টির আশা এখনই নেই। এছাড়াও কলকাতাতে গরমের দাপট অব্যাহত থাকবে। সেইসঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও গত কয়েকদিনের মতোই প্রচণ্ড গরম থাকবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
বিগত ২৪ ঘটন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। এই সময়ের মধ্যে বৃষ্টির দেখা মেলেনি শহরে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার। এছাড়াও উত্তরের বাকি জেলাগুলির এক-দুই জায়গায় হালকা বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে এদিন। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক-দুই জায়গায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলর এক-দুই জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুই জায়গায় বজ্রপাত-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে হাওয়া অফিস।

No comments:
Post a Comment