ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু মহিলার, পটাশপুরেও মৃত ১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু মহিলার, পটাশপুরেও মৃত ১

 


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে প্রথম দফায় নির্বাচন চলছে। বেশ কিছু জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এই আবহে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের। এর পাশাপাশি পটাশপুরে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে আরও এক ভোটারের। 


বৃহস্পতিবার কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন ওই মহিলা। ভোট দিয়ে বেরোনোর পর তাঁর মৃত্যু হয়। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি, বয়স পঞ্চাশোর্ধ। স্বামীর নাম নবাবজান আলী, বাড়ি সীমাগেরিয়া গ্রামে। 


মৃত ওই মহিলার স্বামী বলেন, আমাদের ভোটার তালিকায় নাম নেই ৪ জনের। শুধু আমার স্ত্রীর নাম ছিল। এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। সকালবেলায় আমি তাঁকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই তাঁর মৃত্যু হয়। 


খবর পেয়ে ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জানান, জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে, ভোটার তালিকা থেকে পরিবারের চারজনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু ওনার নাম ছিল, তাই উনি দীর্ঘ দিন ধরে চিন্তায় ছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু ঘটে। এই মৃত্যু খুবই দুঃখজনক।


অন্যদিকে তীব্র গরমে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পটাশপুর বিধানসভার ২৩৪ বামনবাড় বুথের ভোটারের। মৃতের নাম নীপেন্দ্রনাথ দাস (৫৮)। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মিনিট দশকের মধ্যে প্রাণ হারান ওই ব্যক্তি। চড়া রোদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেই খবর।


এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডা এবং বিজেপি প্রার্থী তপন মাইতি। মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী তপন মাইতি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী।

No comments:

Post a Comment

Post Top Ad