নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৩ এপ্রিল ২০২৬: নির্বাচনের উত্তাপে সরগরম বাংলা। এই আবহেই উদ্ধার এক যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘরের মধ্যে থেকে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায়। এখানেই একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম অরূপ মণ্ডল, বয়স ৩৭ বছর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। আবাসনের বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। পরিবারের দাবী, রবিবার মধ্যরাতে প্রায় একটা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। যুবকের মামা বলেন, 'পাড়ার একজনের থেকে খবর পাই অরূপ আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পৌঁছালে দেখি রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।' তিনি জানান, অরূপ সব কাজ বাম হাতে করতেন, তাই মাথার ডানদিকে ক্ষতচিহ্ন দেখে তাঁর সন্দেহ হয় এটা আত্মহত্যা নয়, খুন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার এক বন্ধু রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী আবহের মধ্যে গুলি চালানো ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

No comments:
Post a Comment