আমেরিকায় সফল চাকরি আর ব্যবসা ছেড়ে মানুষের সেবা করতে ভারতে ফিরেছিলেন বিজেপি নেতা অনন্তন অয়্যাসামী। আগে তিনি ইন্টেল কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে তামিলনাড়ুর বাসুদেবনাল্লুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান।
কিন্তু নির্বাচনে তিনি ডিএমকের ই. রাজার কাছে প্রায় সাড়ে ছ’হাজার ভোটে হেরে যান। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অয়্যাসামী, যা এখন ভাইরাল।
তিনি জানান, গত চার বছরে গ্রামের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। বাসস্টপ তৈরি, পুকুর সংস্কার, পড়ুয়াদের সাহায্য, মেডিক্যাল ক্যাম্প ও কর্মসংস্থানের কর্মশালার মতো নানা কাজ করেছেন। তাঁর লক্ষ্য ছিল প্রায় এক লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অয়্যাসামী লেখেন, শুধু টাকা নয়, পরিবারের সঙ্গে কাটানোর অনেক মূল্যবান সময়ও তিনি মানুষের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু ভোটে সেই গ্রামের মানুষই এমন প্রার্থীকে বেছে নিলেন, যিনি পাঁচ বছরে খুব কমই এলাকায় গিয়েছিলেন।
তিনি আক্ষেপ করে বলেন, “শেষ পর্যন্ত ভোটের এক সপ্তাহের টাকাই চার বছরের সৎ পরিশ্রমকে হারিয়ে দিল।”
সবচেয়ে বেশি আবেগঘন ছিল তাঁর মেয়ের কথা। চার বছর আগে তিনি নিজের ১২ বছরের মেয়েকে বলেছিলেন, আমেরিকা ছেড়ে দেশে ফিরছেন মানুষের জন্য কাজ করতে। ভোটে হারার পর ভিডিও কলে তাঁর মেয়ে প্রশ্ন করে, “বাবা, এবার কি তুমি বলতে পারবে রাজনীতি আসলে কী?”
অয়্যাসামী জানান, জীবনে প্রথমবার মেয়ের এই প্রশ্নের কোনও উত্তর তাঁর কাছে ছিল না।
তাঁর পোস্টে বহু মানুষ সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, “নিঃস্বার্থভাবে কাজ করে যান, একদিন সফল হবেন।” আবার কেউ বলেছেন, “রাজনীতি খুব কঠিন বাস্তব, সব ভালো কাজ করলেও জেতা সবসময় সম্ভব হয় না।”

No comments:
Post a Comment