জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়লেও ভারতের পাশে থাকার আশ্বাস দিল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়েছেন, ভারতকে গ্যাস, তেল ও কয়লার সরবরাহ কোনওভাবেই কমতে দেওয়া হবে না। ভারতের স্বার্থ রক্ষায় রাশিয়া সবরকম চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
ভারত সফরের আগে এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, রাশিয়া ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে। এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না, যাতে দুই দেশের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাঁর দাবি, জ্বালানি সরবরাহ নিয়ে রাশিয়া অতীতেও প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।
বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং তেলের বাজার নিয়ে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় ভারতের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের জন্য রাশিয়ার এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি খরচ কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আহ্বান জানানোর পরই রাশিয়ার এই আশ্বাস সামনে এসেছে।
রুশ বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই ভারত সফরে আসছেন লাভরভ। তিনি ব্রিকসভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও লাভরভের বৈঠকের সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক ভবিষ্যতে ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
গত কয়েক বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা অনেকটাই বেড়েছে। পশ্চিমী নিষেধাজ্ঞার পরও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

No comments:
Post a Comment