গ্ৰেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা, উদ্ধার অস্ত্র-সহ ২৭ লক্ষ টাকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 27, 2026

গ্ৰেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা, উদ্ধার অস্ত্র-সহ ২৭ লক্ষ টাকা


উত্তর ২৪ পরগনা: তোলাবাজি, হুমকির অভিযোগে গ্ৰেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা। উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ‌ ও তাঁর ভাইকে গ্ৰেফতার করেছে পুলিশ। উদ্ধার বিপুল কার্তুজ-নগদ ও বিদেশি মদ। মঙ্গলবার মছলন্দপুরের বাড়ি থেকে দুজনকে গ্ৰেফতার করা হয়। 


উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তোলাবাজি, হুমকি এবং ২১শে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা (৬৭) এবং তাঁর ভাই তথা জমি ব্যবসায়ী সুজিত কুমার সাহা (৬২)। চলতি মাসের ২৪ তারিখ দায়ের হওয়া দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে অজিত সাহাকে এবং গভীর রাতে তাঁর ভাই সুজিতকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। বুধবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অজিত সাহার বাড়িতে হানা দেয় গোবরডাঙা থানার পুলিশ। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর গভীর রাতে সুজিত কুমার সাহার অনুষ্ঠানগৃহে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৭ লক্ষ ৮ হাজার ২০০ টাকা নগদ, ৬৬৬টি কার্তুজ, একটি এয়ার পিস্তল, একটি স্পোর্টস এয়ার গান, ৫২ বোতল বিদেশি মদ এবং ৬১টি গুলির খোল।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত সাহা দীর্ঘদিন ধরেই এলাকায় জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, তৃণমূল আমলে অজিত সাহার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সুজিতের জমি ব্যবসা দ্রুত বিস্তার লাভ করে। স্থানীয়দের একাংশের দাবী, বাংলাদেশি অনুপ্রবেশ বৃদ্ধির সময় সমাজবিরোধী ও জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে কম দামে জমি কিনে তা প্লট আকারে বিক্রি করা হত। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারির ফলে অনুপ্রবেশ কমে যাওয়ায় বহু জমি অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে বলেও দাবী উঠেছে।


এছাড়াও অভিযোগ, বিএলআরও দফতরের একাংশের সহযোগিতায় জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর ভরাটের কাজও করা হয়েছে। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-এর ঘনিষ্ঠ হওয়ার কারণেই অজিত সাহা হাবড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হন। পরে তিনি গাইঘাটা ব্লক থেকে জেলা পরিষদে জয়ী হয়ে স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষের দায়িত্ব পান।


উল্লেখ্য, কয়েক মাস আগে মছলন্দপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বিএলআরও অমল রায় ও অজিত সাহার বচসার ঘটনাও সামনে এসেছিল। সেই সময় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল অজিত সাহার বিরুদ্ধে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুই নেতার গ্ৰেফতারি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad