মালদা: আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা। তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই দুষ্কৃতীদের হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা হরিশ্চন্দ্রপুর এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় এক দোকানে বসে তরকা-রুটি খাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় একদল দুষ্কৃতী হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়। তাঁকে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর জখম হন তিনি।
তাঁর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় আক্রান্ত বিজেপি নেতা-সহ তার অনুগামী বিজেপি কর্মীদের অভিযোগ, হামলার ঘটনায় জড়িত রয়েছে তৃণমূলের ছাত্র নেতা বিমান ঝা, অবিনাশ দাস। এছাড়াও জড়িত আছে ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী কৌশিক মিশ্র, গোপাল শর্মা, বাবলু কর্মকার সহ বেশ কয়েকজন।
আক্রান্ত বিজেপি নেতার দাবী, তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের বিরোধীতা করেছিলেন। সেই কারণেই বিজেপি একাংশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে। তিনি চান হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হোক।
এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং-এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে এই ঘটনার পরপরই হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

No comments:
Post a Comment