নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের পর্ব মিটেটে। রাজ্যে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই আবহেই রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হল বিজেপির ব্যানার ও পতাকা। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা চা বাগানে। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন চা বাগানের বিজেপি নেতাকর্মীরা।
উল্লেখ্য নির্বাচনী প্রচারের জন্য চালসা চা বাগানের একটি সেতু ও সংলগ্ন এলাকায় লাগানো হয়েছিল বিজেপির ব্যানার ও পতাকা। অভিযোগ, শনিবার রাতে দুষ্কৃতীরা ওই সমস্ত ব্যানার এবং পতাকায় আগুন লাগিয়ে দেয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিন খবর পেয়ে এলাকায় আসেন বিজেপি নেত্রী এনি ওরাওঁ, বিজেপি নেতা বিনু ওরাওঁ, নকুল নায়েক সহ অন্যান্যরা।
বিজেপি নেত্রী এনি ওরাওঁ বলেন, 'তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের পরাজয় মেনে নিতে পারছেন না। তাই তাঁরা এইসব কাজ করে বাগানে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এটা কোনও ভাবেই বরদাস্ত নয়। পুরো বিষয়টি লিখিতভাবে মেটেলি থানায় জানানো হবে। প্রশাসন যেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ করে, দাবী বিজেপি নেত্রীর।
অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মেটেলি থানা সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদল হয়েছে। এমতাবস্থায় কোনও রকম অশান্তি না হয়, সেজন্য তৎপর রয়েছে জেলা প্রশাসন। জেলায় এখনও রয়েছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পালাবদলের পর দুই একটি ছোটোখাটো ঘটনা ছাড়া জলপাইগুড়ি জেলায় সেরকম কোনও অশান্তির ঘটনাও ঘটেনি। কিন্তু শনিবার রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ও পতাকা জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

No comments:
Post a Comment