বারাসতে আক্রান্ত বিজেপি কর্মী, বিজয় মিছিল থেকে ফেরার পথে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 25, 2026

বারাসতে আক্রান্ত বিজেপি কর্মী, বিজয় মিছিল থেকে ফেরার পথে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের


উত্তর ২৪ পরগনা: বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী। তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের। আক্রান্ত বিজেপি কর্মীর নাম তন্ময় চক্রবর্তী। 


জানা গিয়েছে, রবিবার ছিল বিজেপির বিজয় মিছিল। সেই মিছিল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বিজেপি কর্মী তন্ময় চক্রবর্তী। অভিযোগ, বারাসতের বিবেকানন্দ রোড এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে।


তন্ময়ের দিদি অর্পিতা চক্রবর্তীর দাবী, এলাকায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরের প্রতিবাদ করায় এর আগেও তাঁদের পরিবারের ওপর হামলা করা হয়েছিল। সেই সময় বারাসত থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের আরও অভিযোগ, সরকার পরিবর্তনের পর ফের ওই জুয়ার আসরের বিরুদ্ধে সরব হন তন্ময়। রবিবার রাতে বিজেপির বিজয় মিছিল শেষে একা বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথা, গলা ও হাতে গুরুতর চোট লাগে।


অর্পিতা চক্রবর্তীর আরও অভিযোগ, ঘটনার পর বারাসত থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ এখনও পর্যন্ত তাঁদের অভিযোগ গ্রহণ করেনি।


প্রসঙ্গত, কোচবিহারেও বিজয় মিছিল থেকে ফেরার পথে এক বিজেপি কর্মীর ওপরে হামলার ঘটনা ঘটে। আক্রান্তের নাম রতন রবিদাস। কোচবিহার ডাওয়াগুড়ি এলাকার আমবাড়ি ভোজনপুর এলাকায় রবিবার বিকেলে বিজেপির বিজয় মিছিল হয়‌। অভিযোগ, বিজয় মিছিল থেকে ফেরার সময় ওই বিজেপি কর্মীর ওপরে চড়াও হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তাঁর দলবল। তাঁকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর জখম হন তিনি। তাঁর ঘাড়ে-কোমরে চোট লেগেছে। এরপর তাঁকে জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad