রাজ্যের নতুন সিইও হলেন নীলম মীনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 25, 2026

রাজ্যের নতুন সিইও হলেন নীলম মীনা


কলকাতা: রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মীনা। মনোজ আগরওয়ালের জায়গায় এলেন তিনি। ১৯৯৮ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক নীলম। তিনি ২৮ বছরের বেশি সময় ধরে প্রশাসনিক দায়িত্বভার সামলাচ্ছেন। এবারে সিইও পদে বসলেন তিনি।


রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল। বাংলার নতুন মুখ্য নির্বাচন আধিকারিক কে হবেন? সেই জল্পনা শুরু হয়েছিলেন। এবার সেই পদে নিয়োগ করা হল নীলম মীনাকে। 


মনোজ আগরওয়ালের পর সিইও কে হবেন, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। জানা গিয়েছে, রাজ্যের তরফে তিন জন আইএএস-এর নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে ছিলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী ও মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মীনাকে বেছে নেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে। 


বর্তমানে মনোজ কুমার আগরওয়াল রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার সামলানোর পাশাপাশি সিইও-র পদটিও সাময়িকভাবে সামলাচ্ছেন। তবে, আগামী জুলাই মাসেই তাঁর অবসর গ্রহণের কথা রয়েছে। সেই কারণেই তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়ে যায়। নবান্নের তরফে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয় তিন আমলার নাম। 


উল্লেখ্য, ২০১৭ সালে আরিজ আফতাবকে সিইও করা হয়। ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করেছিলেন তিনিই। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোটের পরিচালনাও করেছিলেন আরিজ আফতাব।তিনি ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর রাজ্যের সিইও পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর অবসর নেওয়ার পরে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেন দিব্যেন্দু দাস। যিনি বর্তমানে অ্যাডিশনাল সিইও পদে আছেন। এর পরেই মনোজকুমার আগরওয়াল হন মুখ্য নির্বাচনী আধিকারিক।


১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার মনোজ ২০২৫ সালের মার্চে রাজ্যের সিইও হয়েছিলেন। তার আগে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এছাড়াও বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। বিধানসভা ভোটের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালার স্থলাভিষিক্ত হন মনোজ আগরওয়াল।


এবারে মনোজ আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন নীলম মীনা। নীলমের জন্ম ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি। স্নাতকোত্তরের পর তিনি ইউপিএসসি দেন। ১৯৯৮ ব্যাচের এই আইএএস ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসাবে কাজ করছিলেন। তাছাড়া আগে প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, ব্যক্তিগত সচিব, জেলা কালেক্টর ও ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব, প্রধান নির্বাহী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। এবারে আরও এক গুরুত্বপূর্ণ দায়িত্বে নীলম মীনা। 



 

No comments:

Post a Comment

Post Top Ad