আসানসোল: তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার অভিযান। আসানসোলের নিউটাউন এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল সেল আইএসপি কর্তৃপক্ষ।
অভিযোগ, সেল কর্তৃপক্ষের জমির ওপর অবৈধভাবে এই দলীয় কার্যালয় তৈরি করেছিলেন স্থানীয় কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়। সোমবার সকালে সেল কর্তৃপক্ষ ভারী যন্ত্র নিয়ে এলাকায় পৌঁছে বুলডোজার চালিয়ে পুরো কার্যালয় ভেঙে দেয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ঘটনাস্থলে।
সেল আইএসপি কারখানা কর্তৃপক্ষের দাবী, অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণগুলি করা হয়েছিল। আগেও একাধিকবার নোটিশ পাঠানো হলেও তখন কোনও পদক্ষেপ করা হয়নি। সোমবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেই কার্যালয়।
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায় জানান, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজ করার উদ্দেশ্যেই ওই কার্যালয় তৈরি করেছিলেন। তাঁর দাবী, রবিবার সন্ধ্যায় সেল আধিকারিকরা এসে কার্যালয় সরানোর কথা জানান। তিনি কয়েকদিন সময় চেয়েছিলেন যাতে ভিতরে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়া যায়। কিন্তু তার আগেই সোমবার সকালে বুলডোজার চালিয়ে অফিস ভেঙে দেওয়া হয়। তবে, এই ঘটনায় তিনি কোনও সংঘাতে যেতে চান না বলেও জানান।
কাঞ্চন মুখোপাধ্যায়ের বক্তব্য, রাজ্য সরকার উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ কলে তিনি সেই সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন এবং সেল কর্তৃপক্ষ বা সরকারের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। অন্যদিকে, আইএসপি কর্তৃপক্ষের বক্তব্য, সম্পূর্ণ নিয়ম মেনেই অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হচ্ছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই বাংলার উন্নয়নে তৎপর শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণ থেকে সমাজবিরোধী কার্যকলাপ সবেতেই 'জিরো টলারেন্স' নীতি বর্তমান সরকারের। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় 'বুলডোজার অ্যাকশন' হয়ে গিয়েছে। তিলজলা, বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের আমলে বেআইনিভাবে জমি দখল করে তৈরি হওয়া গড়িয়ায় ক্লক টাওয়ার, গড়িয়া শ্মশানের কাছে সাধারণ শৌচালয়ের পাশে থাকা অদ্ভূত মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। একইভাবে আসানসোলেও 'বুলডোজার অভিযান' প্রশাসনের।

No comments:
Post a Comment