মারধরে গুরুতর জখম বিজেপির জেলা সভাপতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত বারাসত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2026

মারধরে গুরুতর জখম বিজেপির জেলা সভাপতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত বারাসত


উত্তর ২৪ পরগনা: আদি-নব্য বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রাতভর উত্তাল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাত। আক্রান্ত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দার। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় আদি বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, খবর পেয়েও বারাসত থানার পুলিশ দেরিতে আসার কারণে বিজেপির জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন।


স্থানীয় সূত্রে খবর, বারাসত থানা এলাকার হৃদয়পুর এলাকায় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে প্রথমে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন নব্য বিজেপি। গুরুতর আহত অবস্থায় তাঁদের বারাসত জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হাসপাতালের মধ্যেই উত্তেজিত নব্য বিজেপি কর্মীরা, আদি বিজেপি নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। পাশাপাশি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার জেলা সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে গিয়ে নব্য বিজেপি কর্মীরা হামলা করে এবং তাঁকেও বেধড়ক মারধর করে। 


রাজীব পোদ্দারকে গুরুতর আহত অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। নব্য বিজেপির সাথে আদি বিজেপির দফায় দফায় সংঘর্ষের জেরে বারাসত টাকি রোডে ও বারাসত জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বুধবার মধ্যরাতে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। উভয় পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। 


যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ৪ মে ভোটের ফল ঘোষণার পরে যারা বিজেপি হয়েছে, তারাই এই গণ্ডগোল করেছে। ঘটনার পরেই সেখানে আসেন বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। এই ঘটনায় কাউকেই ছাড়া হবে না বলেই জানিয়েছেন তিনি। বিজেপির এক পক্ষ আবার সরাসরি বিধায়কের দিকেই আঙুল তুলছে।


এদিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে আসেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বারাসত-সহ পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় পুলিশ 'অ্যাকশন' নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। যদিও একাংশের অভিযোগ পুলিশ দেরিতে আসার কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।


রাজ্যে বিজেপির ক্ষমতায় এসেছে একটা মাসও কাটেনি। এরই মধ্যে বারাসতের মত হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা তথা বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের আক্রান্ত হওয়ার ঘটনা জেলা রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। চলতি বছরেই শেষের দিকে রাজ্যে পৌরসভা নির্বাচন করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে জেলা ও স্থানীয় স্তরে আদি-নব্য বিজেপির এই সংঘর্ষ ভাবিয়ে তুলেছে সাধারণ ভোটারদেরও।

No comments:

Post a Comment

Post Top Ad