কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারেই তিনি জানিয়েছিলেন আজ বিকেলে ফর্ম প্রকাশ করা হবে। সেইমতোই এদিন ফর্ম প্রকাশ করা হল। নবান্নে বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ফর্ম প্রকাশ করেন। অফলাইন এবং অনলাইন দু'ভাবেই এই ফর্ম উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই ফর্ম ফিলআপ করে জমা দিলেই মিলবে ৩ হাজার টাকা। অফলাইন-অনলাইন, দুইভাবেই আবেদনের সুযোগ পাবেন উপভোক্তারা। বুধবার আবেদনের ফর্ম প্রকাশ হওয়ার পরেই শুরু হয়ে যাবে ফর্ম ফিলআপের প্রক্রিয়া। উপভোক্তারা ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জানাতে পারবেন, আগামী ৯০ দিন ধরে চবে প্রক্রিয়া। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
আগামী ১ জুন থেকে 'অন্নপূর্ণা যোজনা' ফর্মপূরণের কাজ শুরু হচ্ছে। নবান্ন থেকে রাজ্যে এই প্রকল্পের সূচনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকে আগামী ৩ মাস এই আবেদন পূরণের কাজ চলবে। অনলাইন ও অফলাইনে আবেদন পূরণ করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলকেই এই ফর্মপূরণ করতে হবে। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এনরোলমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পাবেন। কেউ বঞ্চিত হবেন না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এনরোলমেন্ট প্রক্রিয়ার জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সময় নিয়ে ধীরে-সুস্থে কাজ করতে বলেন মুখ্যমন্ত্রী। আজই না করলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, এমন আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিডিও ও পুরসভা থেকে ফর্ম পাওয়া যাবে। বাড়ি বাড়ি গিয়ে এই আবেদন পূরণের যাচাই করা হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যসচিব এবং অর্থসচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যাঁরা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যাঁরা যুক্ত, তাঁরা এই কাজ করবেন। যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়কেরাও ফর্ম পূরণে সহযোগিতা করবেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কেবলমাত্র উপযুক্ত প্রাপকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে উপভোক্তার পরিবার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে। ওই পরিবারকে আরও একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা দিতে এই তথ্য, সেটাও জানানো হয়।
তিনি জানান, আগামী ১৫, ১৬, ১৭ জুন 'জনকল্যাণ শিবির' হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে। বর্তমানে ২ কোটি ২০ লক্ষ 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রাপক রয়েছেন। তবে এসআইআর-এর পরে মৃত, ভুয়ো, স্থানান্তরিত এমন কমবেশি ৩০ লক্ষ নাম বাদ যাবে। উল্টো দিকে, নতুন আবেদন জমা পড়বে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলকেই 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণ করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

No comments:
Post a Comment