উত্তর ২৪ পরগনা: ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক বাড়ি। উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়ো পঞ্চায়েত এলাকায় কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেল একাধিক পরিবারের জীবন। আচমকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মূলত হাবড়ার কুমড়া পঞ্চায়েতের কুমড়া, ভারতীনগর, পারুইপাড়া, বাঘাডাঙ্গা, মাকালতলা, সরদার পাড়া, বেলেডাঙ্গা, বামিহাটি ১ ও ২ নম্বর কলোনি এলাকাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক বাড়ি।
আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও শ'দুয়েক বাড়ি। ভেঙে গিয়েছে গাছপালা, ইলেকট্রিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে এলাকা। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কাঁচা বাড়ি। বিগত রাজ্য সরকারের কাছে সরকারি বাড়ির আবেদন করেও মেলেনি ঘর। সোমবার রাতের ঝড়ে মুহূর্তের মধ্যে কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, আবার কারও পুরো বাড়িই ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে অনেকেই তখন বাড়িতে খাবার খেতে বসেছিলেন। বাইরে চলছিল বৃষ্টি। হঠাৎই প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে শোঁ শোঁ শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব শুরু করে ঝড়। মুহূর্তের মধ্যে উড়ে যায় টিনের চাল, ভেঙে পড়ে মাথার উপরে থাকা টিনের ছাদ। প্রাণ বাঁচাতে ছোট্ট সন্তানদের নিয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন বহু মানুষ। কেউ আবার আতঙ্কে খাটের তলায় আশ্রয় নেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘরের প্রায় সব জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে টিভি, নষ্ট হয়েছে খাবার-দাবার সহ প্রয়োজনীয় সামগ্রী। স্থানীয় বাসিন্দারাই আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির রাত কাটানোর ব্যবস্থা করেছেন। তবে, মাথায় ছাদটুকু হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো।

No comments:
Post a Comment