বাংলায় এবারে ডিজিটাল জনগণনা, নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 29, 2026

বাংলায় এবারে ডিজিটাল জনগণনা, নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা: রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। আগামী ১লা আগস্ট থেকে রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দফায় দফায় চলবে এই কাজ। শুক্রবার নবান্নে এক বৈঠকের পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবারের জনগণনায় থাকছে একগুচ্ছ আধুনিক চমক। রাজ্যে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে হবে জনগণনার কাজ।


এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্টভাবে বলেন, "জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই।" পাশাপাশি প্রাক্তন সরকারকে নিশানা করে তিনি বলেন, "আগের সরকারের গোয়ার্তুমির জন্য আমরা পিছিয়ে পড়েছি।"


এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। সাধারণ মানুষ চাইলে ১৫ আগস্ট পর্যন্ত নিজেরাই অনলাইনের মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। জনগণনা নিয়ে সাধারণ মানুষের মনে যাতে কোনও রকম বিভ্রান্তি, সংশয় বা ভয়ের পরিবেশ তৈরি না হয়, তার জন্য কড়া নজর রাখবে নবান্ন। সাধারণ মানুষের সুবিধার্থে এবং সব প্রশ্নের উত্তর দিতে একটি টোল-ফ্রি ও একটি ল্যান্ডলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 


দেশব্যাপী চালু থাকা হেল্পলাইন নম্বর ১৮৫৫-এর পাশাপাশি বাংলার বাসিন্দারা ০৩৩-২৩৩৫ ৯৫০৩ নম্বরে ফোন করেও এই সংক্রান্ত যে কোনও সাহায্য বা তথ্য পেয়ে যাবেন। এছাড়াও চালু করা হয়েছে ওয়েবসাইট-www.westbengal.census.gov.in।

বাংলার প্রতিটি নাগরিককে কোনও রকম দ্বিধাবোধ না করে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 


বাংলায় শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপর দীর্ঘ দেড় দশক কেটে গেলেও রাজ্যে আর কোনও জনগণনা হয়নি। বর্তমান প্রেক্ষাপট টেনে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "জনগণনা একটি সাংবিধানিক দায়বদ্ধতা। এটা কোনও রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কও নেই। মনে রাখতে হবে, অবাধ অনুপ্রবেশের কারণে বাংলার জনবিন্যাস বা ডেমোগ্রাফি মারাত্মক ভাবে বদলে গিয়েছে। তাই রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিজিটাল খতিয়ান অত্যন্ত জরুরি।”


অনুপ্রবেশকারী প্রসঙ্গ উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাঁদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।"

No comments:

Post a Comment

Post Top Ad