কলকাতা: 'বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার', এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চরম কটাক্ষ করেন তিনি। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষের কোন দফতর পছন্দ? জবাবে তিনি বলেন, "সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রতিটি দফতর গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা দলের কর্মী। আমাদের ভোটে লড়তে বলা হয়েছিল। আমরা লড়েছি, জিতেছি। এবার দল যা দায়িত্ব দেবে তা প্রত্যেককে পালন করে এই মিশনকে সফল করবে।"
বিজেপির কোনও সংখ্যালঘু বিধায়ক নেই, সেক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবে? এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে। আবার কি আলাদা করে উন্নয়ন হবে? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। গত আশি বছর ধরে শুধু সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে। অথচ তারা গরীব। তারা অশিক্ষিত। তারা ক্রিমিনাল। কেন? এবার তাঁরা নিজেদের প্রশ্ন করুন প্রথম, তারপর ওই দলগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয়না। কিন্তু বাড়ি-ঘর, সুবিধা সরকারি সবাই পাবে। কোনও ভেদাভেদ নেই। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেব।"
তবে দফতরটা থাকবে কিনা, সে নিয়ে নিশ্চিত হয়ে কিছু বলেননি বিজেপি নেতা। তিনি বলেন, "জানিনা। সেটা সরকার হোক, সিদ্ধান্ত নেবে।" তিনি আরও বলেন, অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে। সরকার হওয়ার পর সিদ্ধান্ত হবে। ভারতবর্ষে এত বড় সংখ্যায় আদিবাসী আছেন, ১০ কোটির বেশি। তাঁদের কথা কেউ ভাবত না। মাননীয় প্রধানমন্ত্রী অটল জি এসে প্রথম উপজাতি একজন ক্যাবিনেট মন্ত্রী তৈরি করেন, যা এখনও চলছে। যাঁরা বনে-জঙ্গলে সব পিছিয়ে আছেন, যাঁদের কথা কেউ ভাবে না, তাঁদের কথা আমরা ভেবেছি। বাকিদের কথাও আমরা ভাবব।"
দিকে দিকে বিজেপি খুন, বিজেপি আক্রান্ত। ৯ তারিখের পর ঠিক কি হতে চলেছে? এই প্রসঙ্গে দিলীপ বলেন, "পুরোনো সরকারের পুরোনো কালচার চলছে। এখনও পুলিশের ঘুম পুরোপুরি ভাঙেনি। চুড়ি এখনও খুলে ফেলতে পারেনি পুলিশ। সেগুলো খুলতে হবে তো। তারপর বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন, তাদের অনেক অসুবিধায় পড়তে হবে। ৯ তারিখের পর দেখতে পাবেন কী হবে।"
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে চরম কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "এতো ভাঙারই ছিল। পুরনো না ভাঙলে নতুন গড়বে কি করে! উনি ভেবেছিলেন উনি মন্ত্রীসভাটা চালিয়ে যাবেন। এ ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে এক-দু'দিন। হাওয়া দিয়ে যাচ্ছেন অনেকে, উনি এখন হওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন, বুঝতে পারবেন পরিস্থিতি।" তাঁর কটাক্ষ, "উনি (মমতা) তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনও কাজ ওনার হাতে থাকবে না।"

No comments:
Post a Comment